ফুলবাড়ী উপজেলায় প্রশাসন নেই!

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:৪৭
ইউএনও, এসিল্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় কার্যত প্রশাসনবিহীন হয়ে পড়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা। জানা গেছে, উপজেলা প্রশাসনের ১৬টি দপ্তরে ১৪১টি পদের মধ্যে ৮০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। তীব্র জনবল সংকটের কারণে এসব অফিসের কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সীমান্তবর্তী এ জনপদের মানুষ। অন্যদিকে কর্মকর্তা না থাকায় সঠিকভাবে বিভিন্ন প্রকল্পের কাজকর্ম বাস্তবায়ন হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পদ শূন্য থাকায় বিভিন্ন অফিসের ফাইলপত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন অফিসের লোকজন। জনগুরুত্বপূর্ণ ফাইলপত্র নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাগেশ্বরীর ইউএনও’র নিকট ধরনা দিতে হচ্ছে তাদের। উপজেলা ভূমি অফিসে দেড় যুগেরও বেশি সময় ধরে সহকারী কমিশনারসহ (এসিল্যান্ড) ৬টি পদ শূন্য। এতে জমি খারিজসহ বিভিন্ন দাপ্তরিক কাজ মাসের পর মাস ঝুলে রয়েছে। এছাড়া সাব-রেজিস্র্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, উপজেলা মত্স্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা, উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য), উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারী সার্জনসহ অসংখ্য গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রশাসনিক কাজকর্মে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের ১৬টি পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ৩ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা না থাকায় সেখানকার অবস্থা একেবারে অচল হয়ে পড়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান নজির হোসেন জানান, স্বাস্থ্য বিভাগের চিকিত্সার মান একেবারে ভেঙ্গে পড়েছে। অনেক লেখালেখি করেও শূন্য পদে ডাক্তার দেয়নি কর্তৃপক্ষ। তাছাড়া অন্যান্য দপ্তরের শূন্য পদগুলোর ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, শূন্য পদগুলোর ব্যাপারে বিভাগীয় কমিশনারকে অবগত করা হয়েছে। তবে কর্মকর্তা না আসা পর্যন্ত অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সঠিকভাবে প্রাত্যহিক কাজ করবেন।