এক মাস ধরে খোঁজ নেই কেরানীগঞ্জের ব্যবসায়ী রেজাউলের

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:৫২
গত ২৫ দিন যাবত্ হদিস নেই কেরানীগঞ্জের ব্যবসায়ী রেজাউল করিমের (৩৭)। পাওনা টাকা চাইতে ২১ জুন মাওয়া গিয়ে তিনি আর ফিরে আসেননি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। পরিবারের সদস্যদের ধারণা, রেজাউলকে অপহরণ করা হয়েছে। রেজাউলের ছোট ভাই মোঃ জিসান সাংবাদিকদের বলেন, গত ২১ জুন বিকালে আমার ভাই ফরিদপুরের রাসেলের কাছ থেকে পাওনা টাকা আনতে মাওয়া যান। তারপর থেকে আমার ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা এলাকাসহ আমাদের সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, পাওনা প্রায় আড়াই লাখ টাকার জন্য রাসেলই রেজাউলকে অপহরণ করেছে। এ ঘটনায় গত ২৬ জুন জিসান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর ১৫ জুলাই র্যাব-১০ এ একটি অভিযোগও দেন। জিডির তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, রেজাউল করিমের খোঁজ করা হচ্ছে। ইতিমধ্যে লৌহজং ও ফরিদপুরের কোতোয়ালী থানায় খবর পাঠানো হয়েছে। এছাড়া রেজাউলের কললিস্ট সংগ্রহ করা হয়েছে। এ থেকে দেখা গেছে, ঘটনার দিন রেজাউলের সঙ্গে রাসেলের একাধিকবার কথা হয়েছে।