নেতাকর্মীদের নামে মামলা করায় যশোরে ছাত্রলীগের থানা ঘেরাও

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:৫৩
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে যশোরের ৬টি থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। মঙ্গলবার রাতে যশোর কোতোয়ালি মডেল থানা এবং বুধবার দুপুরে মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, চৌগাছা ও বাঘারপাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার রাত ১০টায় ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিলসহ যশোর কোতোয়ালি থানা ঘেরাও করে। এ সময় তারা থানা চত্বরে অবস্থান করে এবং নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে শ্লোগান দেয়। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। নেতৃবৃন্দ মামলাটি তদন্ত ছাড়াই রেকর্ড করায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের নামে এজাহার না করে ছাত্রলীগ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়ায় তা প্রত্যাহারের দাবি জানানো হয়। জবাবে ওসি সহিদুল ইসলাম বলেন, খুনের ঘটনায় তাত্ক্ষণিক মামলা নিতে হয়। যদি নির্দোষ কেউ আসামি হয়ে থাকে তবে চার্জশিট থেকে তার নাম বাদ দেয়ার সুযোগ রয়েছে। একই দাবিতে বুধবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। পরে দড়াটানায় সমাবেশ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফয়সাল খান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ। এর আগে মঙ্গলবার রাতে রিয়াদ হত্যাকাণ্ডের ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন রিয়াদের মামা রফিকুল ইসলাম রাজু। মামলায় রিয়াদ হত্যাকাণ্ডে যবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম হাসানসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।