রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীমকে হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম এ হান্নান ফিরোজকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার ভোরে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সকালে পুলিশ তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গতকাল ভোররাতে ধানমন্ডির বাসা থেকে স্টামফোর্ডের সাবেক উপাচার্য হান্নান ফিরোজকে গ্রেফতার করা হয়।
গত ১৯ জুন ধানমন্ডির ৯/এ সড়কে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এনামুল হক শামীমকে গুলি করে মোটর সাইকেল আরোহী তিন দুর্বৃত্ত। ঘটনার পরদিন শামীমের চাচা নাসির উদ্দিন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। ঐ ঘটনার পর থেকেই র্যাব-পুলিশ তদন্তে নামে। শামীমকে গুলি করার অভিযোগে ৭ জুলাই র্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হারুন, মেহেদী, মনির ও জুয়েল নামের চারজনকে গ্রেফতার করে। ৯ জুলাই ডিবি রানা হাওলাদার (২৫) ও নাজিমুল হক মিঠু (৩৯) নামে দুই জনকে গ্রেফতার করে। রানাকে রিমান্ডে নেয়ার পর মঙ্গলবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রফেসর ড. এম এ হান্নান ফিরোজ ও ট্রাস্টি বোর্ডের সদস্য ফাতি নাজ ফিরোজের পরিকল্পনায় এনামুল হক শামীমকে গুলি করা হয়েছে। হত্যার মিশন সম্পন্ন করতে ফাতি নাজ বেগম তাদেরকে ৬ লাখ টাকা দিয়েছেন। উল্লেখ্য, ফাতি নাজ ফিরোজ ট্রাস্টি বোর্ডের সভাপতি হান্নান ফিরোজের স্ত্রী।
