২৪ জুলাই থেকে ঈদের বিশেষ লঞ্চ সার্ভিস চালু

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:৫৫
ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ২৪ জুলাই থেকে ঈদের বিশেষ লঞ্চ সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকার। তিনি বলেন, ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ৪টি পয়েন্ট থেকে হেলিকপ্টার টহল দিবে। একই সাথে ঈদ উপলক্ষে লঞ্চ যাত্রীদের কাছ থেকে প্রতিটি টিকিটের জন্য শতকরা ১০ ভাগ মূল্য হ্রাস করা হয়েছে। ঈদের ৫ দিন আগে এই বিশেষ লঞ্চ সার্ভিস চালু হবে। সদরঘাটসহ প্রতিটি টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে। যাত্রী নিরাপত্তায় টার্মিনালগুলোতে আনসারের পাশাপাশি পুলিশ, র্যাব, নৌ-পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা নিয়োজিত থাকবে। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই রোধ ও টিকিট কালো বাজারি বন্ধে কঠোর ব্যবস্থা নিবে। টার্মিনালগুলোতে একাধিক মোবাইল টিম কাজ করবে। অনিয়মের সাথে জড়িতদের ধরে তাত্ক্ষণিক জেল-জরিমানা দিতে প্রস্তুত থাকবে একাধিক ম্যাজিস্ট্রেট। এছাড়া ঈদের বিশেষ লঞ্চ সার্ভিসে এ বছর যুক্ত হচ্ছে ১৮টি নতুন লঞ্চ। প্রস্তুত রাখা হয়েছে উদ্বারকারী যান। বয়া-বাতি মেরামতসহ নদীর নাব্যতা বজায় রাখতে দ্রুত ড্রেজিং ব্যবস্থাও থাকছে। সংস্থার সম্মেলন কক্ষে গতকাল বুধবার অনুষ্ঠিত পবিত্র ঈদ উল ফিতর সুষ্ঠু ও নিরাপদ নৌ-পরিবহন এবং যাত্রী ব্যবস্থাপনা নিশ্চিত করণের লক্ষ্যে আন্তঃসংস্থা সমন্বয়ে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকারের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন—বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহা-পরিচালক কমোডোর জাকিরুল ইসলাম, বিআইডব্লিউটিএর সদস্য (অর্থ) ফিরোজ আহমেদ, সদস্য (অপারেশন) ভোলানাথ দে, বাংলাদেশ লঞ্চ পরিবহন সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ। এছাড়া সভায় ঢাকা ও গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাবের প্রতিনিধি, ঢাকা সিটি করপোরেশন, রাজউকসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।