ঈদের আগে-পরে ছয়দিন ট্রাক পারাপার বন্ধ

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:৫৬
ঈদের আগে ও পরে তিন দিন করে মোট ছয়দিন দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকছে। ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে গত মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। দৌলতদিয়া ঘাটে নিরবচ্ছিন্ন পারাপার অব্যাহত রাখতে ফেরির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। যুক্ত করা হচ্ছে আরও দুটি ফেরি। গতকাল বুধবার এ রুটে ছোট-বড় মিলে মোট ১৩টি ফেরি চলাচল করেছে। পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানায় আরও দুটি ফেরির মেরামত চলছে। আজ বৃহস্পতিবার ‘শাপলা-শালুক’ নামের আরো একটি ইউটিলিটি ফেরি আসার কথা রয়েছে। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ফেরিটির উদ্বোধনের কথা রয়েছে। বিআইডব্লি¬উটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, ঈদে ছোট-বড় ১৭টি ফেরি চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষ জানান, ঘাট এলাকায় যে কোন অপতত্পরতা রোধ, লঞ্চে অতিরিক্ত যাত্রী পারাপার বন্ধসহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের তিনদিন আগে থেকে তিনটি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।