মাগুরা-১ আসনের বিএনপি প্রার্থী জেল হাজতে

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৯:৫০

মাগুরায় পেট্রোলবোমা হামলায় ৫ শ্রমিক নিহতের ঘটনার মামলায় মাগুরা-১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে মাগুরার জেলা ও দায়রা জজ আদালতে মাগুরা -১ আসনের বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান শুনানী শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণের আদেশ দেন। তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে প্রকাশ, বিএনপি জামায়াতসহ ২০ দলের অবরোধ চলাকালে গত ২১ মার্চ ২০১৫ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলা করে দুষ্কৃতিকারীরা। এ সময় ট্রাকের চালক, হেলপাসহ ৯ শ্রমিক অগ্নিদগ্ধ হয়। মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ওই রাতেই রওশন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় ট্রাক  চালক ইমরান, শ্রমিক মতিন, শাহিন, শাকিল ৪ জন মারা যায়।

এ ঘটনায় পরদিন ২২ মার্চ এএসআই আব্দুল সালাম মাগুরা সদর থানায় ২৬ জনকে আসামি করে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়। দীর্ঘ তদন্ত শেষে মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক ১৬ আগস্ট ২০১৫ তারিখে মাগুরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন খান, জেলা জামাতের আমীর আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হকসহ ২৩ জনের বিরুদ্ধে মাগুরার আদালতে চার্জশীট দাখিল করেন। 

মনোয়ার হোসেন খানের আইনজীবি শাহেদ হাসান টগর জানান, তার মক্কেল যেহেতু বিএনপির প্রার্থী সে কারণে রাজনৈতিকভাবে তাকে হয়রানী করা হচ্ছে। ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে যাবেন তারা। 

রাষ্ট্রপক্ষের আইনজীবি মাগুরার পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট কামাল হোসেন জানান, জামিনের আবেদন আদালতে শুনানী শেষে নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দিয়েছেন আদালত।

ইত্তেফাক/নূহু