সহায়তা বরাদ্দ কমানো নিয়ে ভারতীয় হাই কমিশনের ব্যাখ্যা

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:৫৬
ভারতের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে বাংলাদেশের জন্য সহায়তা বরাদ্দ কমানোর বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ভারতীয় হাইকমিশন। একপ্রশ্নের জবাবে ঢাকায় ভারতীয় হাই কমিশনের মুখপাত্র বলেন, ২০১০-১১ অর্থ বছরে বাংলাদেশের জন্য সহায়তা বরাদ্দ ছিলো ৬ কোটি রুপি, ২০১১-১২ অর্থবছরে ছিলো ৩ কোটি, ২০১২-১৩ অর্থ বছরে ছিলো ৩০ কোটি, ২০১৩-১৪ অর্থ বছরে ছিলো ৫৮০ কোটি রুপি। ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট প্রস্তাবে এই সহায়তার বরাদ্দ হিসাবে রাখা হয়েছে ৩৫০ কোটি রুপি। তিনি আরো বলেন, ভারত সরকার বাংলাদেশকে দেয়া ১০০ কোটি ডলার ঋণের মধ্যে ২০ কোটি ডলার অনুদান হিসাবে দিয়েছে। এর মধ্যে ১৫ কোটি ডলার ছাড় করা হয়েছে। তিনি বলেন, গত অর্থ বছরে বাংলাদেশের জন্য সহায়তা বরাদ্দ ছিলো বাংলাদেশের প্রতি ভারতের নির্দিষ্ট অঙ্গীকারের পূরণ। তিনি আরো বলেন, বাংলাদেশের সম্পর্ককে ভারত সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রথম বাংলাদেশ সফরের মধ্যদিয়ে সেটাই প্রমাণ করে।