অনলাইনে প্রয়োজনীয় টুলস
কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজের জন্য নানা ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়। তবে ইন্টারনেট সংযোগ থাকলে অনেক সফটওয়্যারের কাজ অনলাইনেই সম্পন্ন করে ফেলা যায়। এমন কয়েকটি টুলসের কথা এই লেখায় জানাচ্ছেন সানজিদা সুলতানা
ইমেজ
ওয়েব ব্রাউজার ব্যবহার করেই যদি প্রেজেন্টেশন ফাইল তৈরি করা যায়, তাহলে আর বাড়তি সফটওয়্যার করার প্রয়োজন কী? ইমেজ ডটকম সাইট থেকে আপনি তৈরি করে নিতে পারবেন প্রেজেন্টেশন। এখানে বিনামূল্যে নিবন্ধন করে এখানকার বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরি করা যাবে। মাল্টিপল স্লাইড তৈরি করা; ছবি, ভিডিও, টেক্সট বা চার্ট যোগ করার কাজও করা যাবে এখানে। তৈরি করা সব কাজ সংরক্ষণ হয় ইমেজের সার্ভারে। সেখান থেকেই ফাইল শেয়ার করা যায়। তবে অর্থের বিনিময়ে প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করলে অফলাইনে ভিউ, লোগো ও পাসওয়ার্ড ব্যবহার, কোলাবরেশন প্রভৃতি সুবিধাও পাওয়া যাবে। এই ওয়েবসাইটের ঠিকানা www.emaze.com।
প্যাডলেট
অনলাইন নোটিশবোর্ড হিসেবে প্যাডলেট হতে পারে আপনার নির্ভরতার নাম। এই সাইটে গিয়ে আপনি নিজের মতো করে নোটিশ বোর্ড তৈরি করে নিতে পারবেন। এই বোর্ড অন্যদের সম্পাদনা করার সুযোগ দিতেও পারবেন। বিনামূল্যে অ্যাকাউন্ট খুলে নিয়ে সহজেই তৈরি করা যাবে নতুন কোনো নোটিশ যাতে টেক্সট ছাড়াও ওয়েব লিংক, ফাইল বা ওয়েবক্যামে তোলা ছবি যুক্ত করা যাবে। এখানকার প্রতিটি নোটিশ বোর্ডের জন্য থাকবে আলাদা আলাদা ওয়েব লিংক যা শেয়ার করা যাবে অন্যদের সাথে। বোর্ডকে নিজের পছন্দমতো সাজানোর জন্য ওয়ালপেপার, নিজস্ব লেআউট স্টাইল যেমন ব্যবহার করা যায়, তেমনি নিরাপত্তার জন্য পাসওয়ার্ডও ব্যবহার করা যায়। প্যাডলেটের ঠিকানা http://padlet.com।
সাইকোপেইন্ট
বিভিন্ন ছবিতে যারা বিভিন্ন ধরনের পেইন্টিং ইফেক্ট যুক্ত করতে চান, তারা ব্যবহার করতে পারেন সাইকোপেইন্ট ডটকম সাইট। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ছবি আপলোড করেই আপনি ছবিতে যুক্ত করতে পারবেন বিভিন্ন ধরনের পেইন্টিং ইফেক্ট। এখানকার প্রিসেট ইফেক্টের সাথে সাথে ম্যানুয়ালিও ইফেক্ট যুক্ত করা যাবে। ভ্যান গগ, রেনয়ের, গুইলোমা প্রভৃতি বিখ্যাত চিত্রশিল্পীর নিজস্ব ধরনের প্রয়োগও করা যাবে এখানে। বিনামূল্যের অ্যাকাউন্ট তৈরি করে নিলে এখানে বিভিন্ন ধরনের ব্রাশ ও রঙ ব্যবহার করে তৈরি নিজস্ব থিমগুলো সংরক্ষণও করা যাবে। আইওএস-এর জন্যও রয়েছে এর অ্যাপ্লিকেশন। ঠিকানা www.psykopaint.com।
ভারসাস
বিভিন্ন ধরনের পণ্য কিনতে গেলে আমরা প্রায়ই দ্বিধায় ভুগে থাকি সঠিক পণ্যটি বাছাই করতে। একই ধরনের বা কাছাকাছি বৈশিষ্ট্য থাকলে এই দ্বিধা আরও প্রকট হয়ে ওঠে। সেক্ষেত্রে কাছাকাছি একাধিক পণ্যের মধ্যে তুলনা করতে গিয়ে ব্যবহার করতে পারেন ভারসাস ওয়েবসাইটটি। দুইটি ডিভাইসের মূল্য, আকার-আকৃতি প্রভৃতি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এটি আপনাকে সেরা পণ্যটি বাছাই করে দিতে সহায়তা করবে। ফোন, ল্যাপটপ, ক্যামেরা এবং অন্যান্য গ্যাজেটের তুলনার জন্য ব্যবহার করা যাবে এই সাইট। ১৫টি ভাষায় এটি ব্যবহার করা যায়। এই সাইটের ঠিকানা http://versus.com।
ইজিলি
বিশ্ব দ্রুতই এগিয়ে যাচ্ছে গ্রাফিক্যাল কনটেন্টের দিকে। বস্তা বস্তা লেখার তুলনায় এখন দুয়েকটি ছবি দিয়েই কোনো বিষয়কে উপস্থাপন করাটা এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আবার ইনফোগ্রাফিক হয়ে উঠছে আধুনিক মানুষদের পছন্দ। তবে ইনফোগ্রাফিক তৈরি করা সহজ নয়। এই কঠিন কাজটিই সহজে করে দিতে পারে ইজিলি ওয়েবসাইট। বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক তৈরির জন্য এখানে রয়েছে তিন শতাধিক রেডি-টু-ইউজ টেমপ্লেট। এসব টেমপ্লেটে কেবল প্রয়োজনীয় তথ্য বসিয়ে দিলেই তৈরি হবে ইনফোগ্রাফিক। প্রয়োজনমতো টেমপ্লেটের উপাদানগুলো সম্পাদনাও করা যাবে। এগুলোকে পিসিতে জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করা যায়। ঠিকানা http://easel.ly।
