দ. আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু আজ

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৪৮

এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে ইংল্যান্ডের সেরা সুযোগ। সেই সেরা সুযোগ কাজে লাগানোর মিশন আজই শুরু করবে ইংল্যান্ড। আজ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লন্ডনে এই দুই দলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের।       ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা, দুই দলই বিশ্বকাপের বিচারে অভাগা। বিভিন্ন সময়ে সেরা সেরা দল নিয়ে এই টুর্নামেন্ট খেলেছে তারা। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি এই দুই দল। ইংল্যান্ড গত দুটি বিশ্বকাপে খুবই খারাপ ফল করেছে। গত বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকে। তারপর থেকে এই দলটি একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছে। এউইন মরগ্যানের নেতৃত্বে সেই প্রক্রিয়ায় গত বছর কয়েক ধরে তারা হয়ে উঠেছে ওয়ানডের সবচেয়ে শক্তিশালী দল। ফলে নিজেদের মাঠে এই দলটিকেই সবচেয়ে ফেভারিট মানছেন বিশেষজ্ঞরা।

ইংল্যান্ডের সবচেয়ে শক্তির জায়গা তাদের ভারসাম্য। টুর্নামেন্টের সেরা ব্যাটিং অর্ডার তাদের। প্রায়শ সাড়ে তিনশ রান তাড়া করে জয় পাওয়াটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে তারা। অন্য দিকে তরুণ জোফরা আর্চারের কল্যাণে খুবই বৈচিত্র্যময় বোলিং আক্রমণ আছে ইংল্যান্ডের। আছে খুব প্রয়োজনীয় তিনজন স্পিনার।  বিপরীতে দক্ষিণ আফ্রিকা অনেক বছর পর এবার কম হইচই তুলে এসেছে টুর্নামেন্টে। তাদের ঠিক ফেভারিট মনে করা হচ্ছে না। আর এটাই হতে পারে এই দলটার শক্তি। সবসময় ফেভারিট তকমার সামনে ধসে পড়ে এই দলটা। এবার সেই চাপ না থাকায় উল্টো ফলটা তারা আশা করতেই পারে।