সুন্দরবন ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৪৮

সুন্দরবন ও কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় র্যাব-বিজিবির সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘হাসান বাহিনী’ প্রধান হাসানসহ ৪ বনদস্যু রয়েছেন। এছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামে নিহত হয়েছেন চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী।

র্যাব ৮ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলামের বরাত দিয়ে বাগেরহাট প্রতিনিধি জানান, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বনদস্যুদের আনাগোনা আবারও বেড়ে যাওয়ায় র্যাবের একটি দল       মঙ্গলবার রাতে বনে অভিযানে নামে। রাত ১২টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর এলাকার জোংড়া খালে পৌঁছালে র্যাবকে লক্ষ্য করে বনদস্যুরা গুলি ছুড়তে শুরু করে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে শুরু হয়ে যায় ‘বন্দুকযুদ্ধ’। এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে গহীন অরণ্যে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বনদস্যুদের ৪টি মৃতদেহ পড়ে থাকতে দেখেন র্যাব সদস্যরা। এসময় আশে পাশের বনজীবীরা এসে বনদস্যু হাসান বাহিনীর প্রধান হাসানকে শনাক্ত করেন। নিহত অপর ৩ জনের পরিচয় জানা না  গেলেও তারা হাসান বাহিনীর লোক বলে নিশ্চিত হওয়া গেছে। এসময় সেখান থেকে বনদস্যুদের ব্যবহূত ১০টি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েক রাউন্ড তাজা গুলি, গুলির খোসা উদ্ধার করে র্যাব। র্যাবের পক্ষ থেকে গতকাল বুধবার দুপুরে দাকোপ থানায় মামলা দায়েরের পর ৪ বনদস্যুর মরদেহ, উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও তাদের ব্যবহূত মালামাল পুলিশে হস্তান্তর করা হয়েছে। 

কুমিল্লা প্রতিনিধি জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এরা হলেন- উপজেলার আদর্শগ্রাম এলাকার মৃত আলী আহম্মদের ছেলে সেলিম ওরফে সলিমুল্লাহ (৩৮) এবং শালুকিয়া গ্রামের মোস্তফার ছেলে রুবেল (৩০)। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে বিজিবি। তাদের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

এর আগে রাত ১০টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী বৌয়ারা বাজার এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। এরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার যশর গ্রামের ওয়ালি উল্লার ছেলে বকুল মিয়া (৪৩) এবং কুড়িগ্রামের নাগেশ্বরী থানার রসুলপুর গ্রামের আবদুল মোনাফের ছেলে আবদুল করিম (৩৭)।