বাস চাপায় শ্রমিকের মৃত্যু প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ, বাসে আগুন

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৪৯

সাভারের আশুলিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নূরে আলম (৩০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটার পর নিহত ব্যক্তির সহকর্মীরাসহ অন্য কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা দুটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনলে প্রায় এক ঘণ্টা পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত নূর আলম দিনাজপুর জেলার পার্বতীপুর থানার কৈফতি গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি জিরাবো ঘোষবাগ এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় ম্যাগপাই গার্মেন্টসে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নূরে আলম গতকাল দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মোহনা পরিবহনের একটি বাস অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে নূরে আলমকে চাপা দিয়ে উল্টে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বেরন এলাকার নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক নূরে আলমকে মৃত ঘোষণা করেন।     আশুলিয়ার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, মোহনা পরিবহনের বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

চট্টগ্রামে অটোরিকশা-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম অফিস জানায়, নগরীর কর্নেলহাট এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম মো. আলাউদ্দিন (৩২)। তিনি সীতাকুণ্ডের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। নিহত অপর ব্যক্তির (বয়স আনুমানিক ৬০ বছর) পরিচয় মেলেনি। আহত হাবিবুর রহমানের (৪০) বাড়িও সীতাকুণ্ডে।