কাবুল বিমানবন্দরে হামলা তালেবানের দায় স্বীকার

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২০:৪৮
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরে ভারি অস্ত্রে সজ্জিত তালেবান জঙ্গিরা বৃহস্পতিবার ভোরে হামলা চালিয়েছে। রকেট প্রপেলড গ্রেনেড এবং স্বয়ক্রিয় অস্ত্র নিয়ে তারা হামলা চালালেও নিরাপত্তা কর্মীরা হামলাকারীদের হটিয়ে বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অংশ নেয়া চার জঙ্গির সবাই নিহত হয়েছে এবং একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছে। তালেবানদের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয় যেটা পাঁচ ঘন্টা দীর্ঘস্থায়ী হয়। আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্র মন্ত্রী আইয়ুব সালাঙ্গি বলেন, হামলার খবর পেয়ে আফগান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমানবন্দর এলাকা ঘিরে ফেলে। হামলার স্থানটি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। সর্বশেষ বেঁচে থাকা তালেবান জঙ্গি নিজেই নিজেকে বোমা বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে কারণ সে বুঝতে পেরেছিল নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলবে। প্রত্যক্ষদর্শী বলেন, বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে জঙ্গিরা কাছেই একটি নির্মাণাধীন বাড়ি থেকে হামলা চালায়। হামলার শব্দে আশেপাশের লোকজনের ঘুম ভেঙ্গে যায়। প্রত্যক্ষদর্শী রামিন আনোয়ারী বলেন, আমি অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এর মধ্যে কয়েকটি ছিলো খুবই শক্তিশালী। শব্দ শুনে বুঝতে পারি এটা বিমানবন্দর এলাকা থেকে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আফগান পুলিশ এবং বিশেষ বাহিনী বিমানবন্দরের কাছের ঐ ভবনটি দ্রুত ঘিরে ফেলে। হামলার ঘটনায় বিমানবন্দরের কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিমানবন্দরের ভেতরে কোন ধরনের গ্রেনেড ফেলতে পারেনি জঙ্গিরা। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় ৪২ জন নিহতের দুই দিন পর এ হামলার ঘটনা ঘটলো। এ সপ্তাহে আফগান নির্বাচনের ফলাফল পুনঃগণনার বিষয়ে একমত হন দুই প্রেসিডেন্ট প্রার্থী।