সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২১:০৭
আদিতমারীতে যক্ষ্মা নিয়ন্ত্রণে মতবিনিময় আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটি (নাটাব) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিতে ইমামদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার আদিতমারী জিএস মডেল স্কুল ও কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। নাটাব জেলা কমিটির সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন মোজাম্মেল হক। মুখ্য আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাছানুল আদম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন। এ সময় ইমামদের পক্ষ থেকে উপজেলা পরিষদের পেশ ইমাম ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম সাদী। পুঠিয়ায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা \ পুঠিয়া উপজেলা আইন-শৃংখলা ও উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী। মতামত ব্যক্ত করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আহম্মদ উল্লাহ, মতিয়া হক, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, গাজী সুলতান আলী প্রমুখ। পূর্বধলায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা থানা-পুলিশের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউস ডে-তে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান । বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ছুরত আলম। বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক তরুণ কুমার রায়, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান ভাসানী, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মণ্ডল নান্টু প্রমুখ। সৈয়দপুরে মদ্যপায়ীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে মদ্যপায়ীদের অশ্লীল কথাবার্তা ও অঙ্গ-ভঙ্গিমায় অতিষ্ঠ মহল্লাবাসীরা ঝাড়ু মিছিল করেছে। গত বুধবার সন্ধ্যায় শহরের নয়াবাজার মহল্লার বাসিন্দারা একত্রিত হয়ে মদভাটি নির্দিষ্ট সময়ে বন্ধ রাখার দাবিতে মিছিল করে। ওই এলাকার বাসিন্দা পাপ্পু, সাজু, মামুন, মনা জানান, মহল্লার মাঝ দিয়ে নয়াবাজারস্থ মদভাটি যাওয়ার একমাত্র রাস্তা। এ পথেই দিনে-রাতে মদ্যপায়ীরা চলাচল করে। সন্ধ্যার পর মদ্যপায়ীরা মদ পান করে মহল্লার ভিতরে অশ্লীল কথাবার্তা ও শরীরের অঙ্গ-ভঙ্গি একেবারে দৃষ্টিকটু। তাদের ভয়ে মা- বোনেরা রাস্তায় বের হতে পারে না। তাই তারা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মদভাটি বন্ধ রাখার আহবান জানান। দুর্গাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থানা মাঠে উপজেলার সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ ও সাংবাদিকদের উপস্থিতিতে বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য বাবু ছবি বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার আঃ মোমেন খান,উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আলোচনা করেন, পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, প্রবীণ রাজনীতিবিদ বাবু দুর্গাপ্রসাদ তেওয়ারী,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনী তাং,উপাধ্যক্ষ রেমন্ড আরেং,সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল সায়াদাত্ বাবুল,প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিকসহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ। বানারীপাড়ায় ইট ভাটা স্থাপন আইন বিষয়ক সভা বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ কার্যকর করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সৈয়দ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস। এসময় তিনি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন মেনে চলার জন্য ইট ভাটা মালিকদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমদ কিসলু, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, শুভ ব্রিকসের পরিচালক ও ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী, এডমিরাল ব্রিকসের পরিচালক আঃ সালাম গোলন্দাজ প্রমুখ। ডিমলায় দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল বৃহস্পতিবার উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। ডিমলা সদরের সিংহারা মরা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। উপজেলার ৪টি স্থানে ১৪৮ দশমিক ৯৮ কেজি দেশীয় প্রজাতির ৫-৬ সেন্টিমিটারের ছোট ছোট পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় ডিমলা সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলাম, উপজেলা মত্স্য কর্মকর্তা আলতাফ হোসেন, মত্স্যজীবী সমিতির সভাপতি অবিলাশ চন্দ্রসহ মত্স্যজীবীরা উপস্থিত ছিলেন। গাজীপুরে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি গাজীপুর প্রতিনিধি \ পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ বাস্তবায়নের দাবিতে গাজীপুর জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা জেলা শহরে গতকাল বৃহস্পতিবার সকালে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল শেষে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গাজীপুর শাখার সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদস্য আব্দুল হান্নান, মো. সিরাজুল ইসলাম, সুনীল কুমার দাস, সুমন চন্দ্র দাস প্রমুখ। রায়পুরে ২ মাদকসেবীর কারাদণ্ড রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ গতকাল বুধবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের কলাকোপা গ্রাম থেকে দুই পিচ ইয়াবাসহ সেবন অবস্থায় দুই মাদক সেবীকে গ্রেফতার করে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শেখ শরিফুল ইসলাম ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন। তারা হলেন- কলাকোপা গ্রামের মৃত আসছান উল্যার ছেলে মো. ইউনুছ ও আমির হোসেনের ছেলে মো. জসিম। দিনাজপুরে বখাটের কারাদণ্ড স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ ৫ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং-এর অভিযোগে এক বখাটে যুবককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার শেখপুর ইউনিয়নের নহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও আব্দুর রহমানের কন্যা রিপা (১২)কে ইভটিজিং-এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এহতেশাম রেজা বখাটে যুবক আব্দুল্লাহ আল মামুন (২৬)কে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। অভিযোগ, মামুন দীর্ঘদিন ধরে রিপাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো। রিপার অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়। মেহেরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে গৃহবধূ লাঞ্ছিত মেহেরপুর প্রতিনিধি \ পাওনা টাকা চাইতে গিয়ে প্রহূত হয়েছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের এক গৃহবধূ। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের ফয়জেলের ছেলে দুলুর কাছে কিছু টাকা পান প্রতিবেশী আব্দুল মালেক। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে আব্দুল মালেকের স্ত্রী পারভীনা খাতুন দুলুর বাড়িতে টাকা চাইতে যায়। এসময় পাওনা টাকা আদায় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলু ও তার লোকজন পারভীনা খাতুনের উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে পাঠান। ভাঙ্গায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে স্কুল শিক্ষক নিরঞ্জন দাসের বাড়িতে গত বুধবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাত দল নগদ ১১ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ, ৪টি মোবাইল সেটসহ দামী জিনিসপত্র লুটে নেয়। জানা গেছে, নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে রাত ৮টার দিকে ১৫/১৬ জনের অস্ত্রধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাত দল এসময় নিরঞ্জনের পুত্রবধূ চম্পা রানী ও মেয়ে শোভারানীকে বেঁধে ফেলে। ডাকাত দল ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে মালামাল লুটে নেয়াসহ মহিলাদের শারীরিক নির্যাতন করে। নিরঞ্জন দাস জানায়, আমি ও আমার ছেলে কিরন দাস মটর সাইকেল যোগে রাত ৯টায় বাড়িতে প্রবেশ করলে আমাদেরও ডাকাত দল বেঁধে ফেলে মারধর করে। বিষয়টি গ্রামবাসী টের পেয়ে গেলে ডাকাত দল ফাঁকা গুলি করে নির্বিঘ্নে পালিয়ে যায়। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে খাদ্যদ্রব্যে অপরিষ্কার থাকা ও আইন অমান্য করে ব্যবসা করার অপরাধে ৭টি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নগদ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার ভাস্কর দেবনাথ বাপ্পীর নেতৃত্বে কালীগঞ্জ থানার ওসি নিতাই চন্দ্র সরকারের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় কালীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যে অপরিষ্কার থাকায় ২টি মিষ্টির দোকানে এবং দ্রব্যমূল্য তালিকা না ঝুলানোর অপরাধে ৫টি মুদি দোকানের মালিককে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর মোতাবেক নগদ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। রংপুরে বাকবিশিস বিভাগীয় সাংগঠনিক সভা রংপুর প্রতিনিধি \ শিক্ষার মান, শিক্ষকদের অধিকার ও মর্যাদা আদায়ে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর বিভাগীয় সাংগঠনিক সভা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম আহবায়ক এবং বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। বাকবিশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও রংপুর জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক্ষ আকমল হোসেন, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা কমিটির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, পঞ্চগড় জেলা আহবায়ক অধ্যক্ষ গোলাম হোসেন প্রমুখ। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ঝিনাইদহে বিএনপি’র মানববন্ধন কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ ইসরাইলের আগ্রাসনে ক্ষত-বিক্ষত ফিলিস্তিন এই শ্লোগানকে সামনে রেখে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপি’র আয়োজনে গতকাল বৃহস্পতিবার এক মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র আলহাজ্ব মাহাবুবার রহমান, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল হামিদ, বিএনপি নেতা আশরাফুজ্জামান লাল। এ ছাড়াও মানববন্ধন কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বক্তাগণ বলেন, লাশের বন্যায় ভাসছে ফিলিস্তিন বিশ্ববিবেক ফিরে তাকাও, অবিলম্বে এই মানবিক বিপর্যায় রোধে অবৈধ আগ্রাসন বন্ধের দাবি জানান। সুন্দরগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজুর বিরুদ্ধে অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উক্ত পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু নাশকতা মামলার আসামি হয়ে পলাতক থাকায় পৌরসভার সমস্ত কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ নিয়ে ১০ কাউন্সিলর স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গতকাল বৃহস্পতিবার ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ পৌরসভায় গিয়ে তদন্ত করেন। তদন্তকালে মেয়র সাহেব উপস্থিত ছিলেন না।