কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৫ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিএসএফ তাদের আটক করে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নারী শিশুসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। তারা দিল্লীতে শ্রমিক হিসাবে কাজ করে দেশে ফেরার পথে নোম্যান্সল্যান্ড অতিক্রম করার সময় গত বুধবার রাতে করলা ক্যাম্পের বিএসএফের সদস্যদের হাতে আটক হয় ।
বালারহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার সফিকুল ইসলাম জানান, ভারতের দিল্লীতে ইট ভাটার কাজ করে বাড়ি ফেরার পথে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী হাজরা বেগম কন্যা মনজু বেগম ও নাতী মনোয়ার হোসেনসহ ১৫/২০ জন বাংলাদেশি খলিশা কোটাল সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। এ সময় করলা ক্যাম্পের টহলরত বিএসএফ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। রাতের অন্ধকারে অন্যরা পালিয়ে এলেও মনজু ও শিশু মনোয়ার হোসেন আটক হন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত থেকে দুই বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার রাতে সীমান্তের ৩৭২ পিলার এলাকার ওপারে ভারতের ১২১ শ্রীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। আটক দুইজন হলেন, জহিরুল ও জুয়েল (১৬)। জহিরুল রাণীশংকৈল উপজেলার বদেশ্বরী গ্রামের আহম্মেদ আলীর ছেলে ও জুয়েলের বাড়ি হরিপুর উপজেলার মারাধর গ্রামে।
বিজিবি সূত্র জানায়, গত তিন মাস আগে ওই দু’জন ভারতে কাজের জন্য যায়। বুধবার রাতে তারা সীমান্ত পেরিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ভারতের ডাঙ্গীপাড়া গ্রাম থেকে তাদের বিএসএফ আটক করে।
