কুমিল্লায় ট্রাক চাপায় নিহত ৩

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২২:১৭
জেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি জেলার বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে। এরা হলেন কবির হোসেন (৪২), একই বাড়ির আনোয়ার হোসেন (৩২) ও আবদুল হক (৩০)। নিহতদের পারিবারিক ও স্থানীয়সূত্রে জানা যায়, গতকাল কুমিল্লার মহেশপুর গ্রামে ওই তিনজন ইফতারী কেনার জন্য বাজারে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার কাঠেরপুল এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। ময়নামতি হাইওয়ে থানার এসআই জানান, ঘটনাস্থলেই কবির হোসেন ও আনোয়ার হোসেন নিহত হন। গুরুতর আহত আবদুল হককে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত কবির হোসেন কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মচারী (পিয়ন)। ঠাকুরগাঁওয়ে বাস চাপায় নারীর মৃত্যু ঠাকুরগাঁও প্রতিনিধি জানিয়েছেন, জেলার পীরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। এরা হলেন, সাহারা খাতুন (৫৫) ও জুহুরা বেগম (৫২)। নিহতদের বাড়ি পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গ্রামে। গতকাল বৃহস্পতিবার পৌর শহরের গুয়াগাঁও কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় গ্রাম পুলিশসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাস কলেজ মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের চাপায় পথচারী ওই দুই ভিক্ষুকের মৃত্যু হয়। পীরগঞ্জ থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।