৩ জনের ফাঁসি ৬ জনের যাবজ্জীবন

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২২:৪৭
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধামৌভোগ গ্রামের চিংড়ি ঘের ব্যবসায়ী রুস্তম আলী মাতুব্বরকে গুলি করে হত্যাকাণ্ডের দায়ে ৩ জনকে ফাঁসি এবং ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের বিচারক এসএম সোলায়মান এ রায় ঘোষণা করেন। একই সাথে আদালতের বিজ্ঞ বিচারক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের নির্দেশ দেন। এই মামলায় ইমরুল নামের একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশের মধ্যে জিহাদ শেখ ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে আব্দুর রউফ নামে ২ জন আদালতে উপস্থিত ছিল। অন্য আসামিরা পলাতক রয়েছে। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলো: বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা গ্রামের নেপাল মন্ডলের ছেলে তপন মন্ডল, সুলতান শেখের ছেলে জিহাদ শেখ, সুশান্ত মন্ডলের ছেলে অতুনু মন্ডল। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন: ফকিরহাট উপজেলার নলধাভাগ গ্রামের আফসার শেখের ছেলে আব্দুর রউফ, ডহর মৌভোগ গ্রামের অধীর হীরার ছেলে ত্রিনাথ হীরা, কুমোদ ঢালীর ছেলে নরেশ ঢালী, মহানন্দ হীরার ছেলে শিব শংকর হীরা, রজব বালার ছেলে কৃষ্ণ বালা, মধ্য মৌভোগ গ্রামের মোছলেম গাজীর ছেলে বাহাউদ্দিন গাজী। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৭ ফেরুয়ারি রাত ১১টার দিকে ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ গ্রামের সায়েদ আলী মাতুব্বরের ছেলে চিংড়ি ঘের ব্যবসায়ী রুস্তুম আলীর বসতঘরে ঢুকে আসামিরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় পরেরদিনে নিহতের ভাই জয়নাল মাতুব্বর বাদী হয়ে ১০ জনকে আসামি করে ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।