সুচিত্রা সেনের বাড়ি আনুষ্ঠানিকভাবে দখলমুক্ত

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২২:৫৮
জামায়াতের ইমাম গাজ্জালী ইনস্টিটিউটের কবল থেকে উপমহাদেশের কিংবদন্তী বাংলা চলচ্চিত্রের মহা-নায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বসত ভিটা আনুষ্ঠানিকভাবে দখলে নিল পাবনা জেলা প্রশাসন। উচ্চ আদালতের রায় পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে জামায়াত পরিচালিত প্রতিষ্ঠান ইমাম গাজ্জালী ইনস্টিটিউটের কাছ থেকে দখলে নেন। এ সময় পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাম দুলাল ভৌমিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, সাংবাদিক রণেশ মৈত্র, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং পাবনার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেন, সুচিত্রা সেনের বাড়িটি এখন সম্পূর্ণ দখল মুক্ত। ঈদের পর পাবনার আপামর জনসাধারণকে নিয়ে সরকারের উচ্চ মহলের পরামর্শ অনুযায়ী এখানে সুচিত্রা সেন স্মৃতি আর্কাইভ করার ব্যবস্থা করা হবে। ইমাম গাজ্জালী ইনস্টিটিউট ট্রাষ্টের সেক্রেটারি আবিদ হাসান দুলাল জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে উচ্চতর আদালতের রায় মেনে নিয়ে তাদের আসবাবপত্র সরিয়ে নিয়েছেন। উল্লেখ্য, ১৯৮৭ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় জামায়াত ইমাম গাজ্জালী শিক্ষা প্রতিষ্ঠানের নামে ক্ষমতার দাপটে নাম মাত্র লিজ নিয়ে বাড়িটি কব্জা করে রেখেছিল।