লোকসভায় পানিসম্পদ মন্ত্রী

আগামী দশ বছরে ৩০ নদী সংযোগ করা হবে

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২২:৫৯
ভারত সরকার আগামী ১০ বছরের মধ্যে ৩০ নদীর সংযোগ ঘটানোর পরিকল্পনা করছে। পরিবেশ আইন লংঘন না করে সংশ্লিষ্ট রাজ্যগুলোর সম্মতি নিয়েই এটা করা হবে। লোকসভায় গতকাল প্রশ্নোত্তর পর্ব চলাকালে সম্পুরক প্রশ্নের জবাবে পানিসম্পদ ও নদী উন্নয়ন বিষয়ক মন্ত্রী উমা ভারতী এসব কথা বলেন। তিনি জানান, বতওয়া-কেন নদী সংযোগ প্রকল্পের কাজ শিগগিরই শুরু করা হবে। কারণ এ লক্ষ্যে যাবতীয় কর্মকান্ড সম্পন্ন হয়েছে। প্রকল্পের কাজ শুরু করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নদী সংযোগের ফলে ৩ কোটি ৫০ লাখ হেক্টর এলাকায় সেচ বৃদ্ধি পাবে এবং ৩৪ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা যাবে। পানিসম্পদ মন্ত্রণালয় ও জাতীয় পানি উন্নয়ন কর্তৃপক্ষের প্রস্তুত করা জাতীয় প্রেক্ষিত পরিকল্পনায় ৩০ টি নদী সংযোগের সুপারিশ করা হয়েছে। মন্ত্রী দেশের খরা কবলিত অঞ্চলগুলোতে সেচ সুবিধা প্রদানে এনডিএ সরকারের অঙ্গীকারের ওপর জোর দেন। এ ব্যাপারে তিনি সহায়ক পরিবেশ সৃষ্টি করতে এমপিদেরকে আহবান জানান।