সহানুভূতি নয়, চাই নিজের অধিকার। সমাজের আলাদা কোন অংশ না হয়ে সমাজের অংশ হয়েই বাঁচতে চাই। কথাগুলো বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হিজড়া সম্প্রদায়ের অধিকার নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হিজড়া সম্প্রদায়ের রুমী। বুধবার ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট-এর সামার চ্যালেঞ্জ এর উইংস ফনিক্স গ্রুপ-এর আয়োজনে হিজড়া সম্প্রদায়ের অধিকার নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা এর সঞ্চালনায় হিজড়া সম্প্রদায়ের দশজন প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ মতবিনিময় সভায় অংশ নেন। অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক আফসার আহমেদ, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক আহমেদ রেজা, আনন জামান প্রমুখ। হিজড়া সম্প্রদায়ের সদস্য অনন্যা বণিক বলেন, আমাদের প্রতি বৈষম্য সমাজব্যাপী। যেটা নিজের পরিবার থেকে শুরু হয়। কিন্তু আমাদের নিজেরও মেধা বা যোগ্যতা রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে আমরা এ মেধা বা যোগ্যতার স্বাক্ষর রাখতে চাই। হিজড়া সম্প্রদায়ের অপর সদস্য রিমি বলেন, সমাজের অন্যান্য মানুষের যেমন পাঁচটি মৌলিক অধিকার রয়েছে তেমনি আমরাও চাই পাঁচটি অধিকার নিশ্চিত করা হোক। আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সকল মানুষের জন্মগত অধিকার রয়েছে ,যা আমাদের এ সমাজে বিদ্যামান এ সম্প্রদায়ের জন্যও প্রতিষ্ঠা করতে হবে।
