ঈদের ছুটিতে প্রতিবারই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো বেশ জমে উঠে। ঈদের দিনে সকলেই তাদের সন্তানদের নিয়ে ছুটে বিনোদন কেন্দ্রগুলোর দিকে। এক্ষেত্রে বিনোদনের খোঁজে শুধুই টেলিভিশনের ওপর ভরসা করে থাকেন না নগরবাসী। সপরিবারে ঘুরতে বের হোন অনেকে। যেসব পরিবারে ছোট শিশু রয়েছে, সেসব পরিবারকেই বেশি দেখা যায় বিনোদন কেন্দ্রে। তাই এবার আপনার সন্তানকে নিয়ে বেড়াতে যেতে পারেন এমনই কয়েকটি বিনোদন কেন্দ্রের খোঁজ জানাচ্ছে নাজনীন শিমু
ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে থাকা মানুষ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটে বেড়ায় পরিবার-পরিজন নিয়ে। রাজধানীর শিশুপার্ক, জাদুঘর, চিড়িয়াখানা থেকে শুরু করে আশপাশের থিম পার্কগুলোতে অবসরে থাকা নগরবাসীর ভিড় দেখা যায়। বাদ যায় না হানিফ ফ্লাইওভার এবং দৃষ্টিনন্দন হাতিরঝিল। এগুলো রীতিমতো বিনোদন কেন্দ্রে পরিণত হয়ে উঠে। নিত্য যানজটে পড়ে হরহামেশা হাঁসফাঁস করতে থাকলে, ঈদের ছুটিতে যানজটহীন ঢাকায় তারা ভিন্ন ব্যঞ্জনার আনন্দ উপভোগ করেন সন্তান এবং পরিবার-পরিজন নিয়ে। এদিক-সেদিক ঘুরে বেড়াতে রিকশা, অটোরিকশা ও বাসে বাড়তি ভাড়া গুনতে হলেও আনন্দে ভাটা পড়ে না কারো। আসুন জেনে নিই এমনই কিছু বিনোদন কেন্দ্রের খোঁজখবর—
রাজধানীর বিনোদনের একটি প্রধান জায়গা হলো রাজধানীর শাহবাগ এলাকা। এখানে রয়েছে শিশুপার্ক, জাতীয় জাদুঘর। এ ছাড়া ছুটির দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সোহরাওয়ার্দী উদ্যানও বিনোদন কেন্দ্রে পরিণত হয়। ঈদের দিন দুপুরের পর থেকেই এই এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঢল নামতে শুরু করে।
ঈদের ছুটিতে আপনার পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে আসতে পারেন মিরপুর-১-এ অবস্থিত ঢাকা চিড়িয়াখানা থেকে। মনোরম প্রাকৃতিক পরিবেশ, নানা পশু-পাখি আর বিশাল অবকাঠামো আপনাকে মুগ্ধ করবে। দর্শনার্থীদের জন্য ঈদের পরদিনই খোলা হবে। চিড়িয়াখানা খোলা থাকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রবেশমূল্য ১০ টাকা।
সপরিবারে ঈদের ছুটি কাটানোর জনপ্রিয় একটি জায়গা শিশু পার্ক। ঢাকার শাহবাগ এলাকায় অবস্থিত এ পার্কে অবস্থানগত সুবিধা থাকায় ঢাকার বিভিন্ন স্থান থেকে সবাই ছুটে আসেন এখানে। ঈদের দিন শিশুদের নিয়ে ঘুরে আসতে পারেন শিশুপার্ক থেকে। বাচ্চাদের কাছে অত্যন্ত প্রিয় এ স্থানটি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য ৮ টাকা। ফোন :০২-৮৬২৩৩০৪।
ঢাকায় মোগল শাসনামলের অন্যতম নিদর্শন হলো লালবাগ কেল্লা। সপ্তদশ শতকে নির্মিত এ দুর্গের অন্যতম আকর্ষণ পরীবিবির মাজার। প্রবেশমূল্য ১০ টাকা। খোলা থাকবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ রোববার। ফোন :৯৬৭৩০১৮।
ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে এলে পাবেন প্রাচীন বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতির বিভিন্ন নিদর্শন। দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ফোন :৯৬৬৯৮১৫।
জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি রূপান্তর করা হয়েছে জাদুঘরে। জাদুঘরে স্যুভেনির শপে পাবেন নানা পণ্য, যা বঙ্গবন্ধুকে স্মরণ করিয়ে দেবে। বঙ্গবন্ধুর ব্যবহার্য জিনিস দিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশমূল্য ৫ টাকা। ফোন :৮১১০০৪৬।
