যারা নিজেকে নিয়ে ভাবতেই বেশি পছন্দ করেন, আত্মচিন্তা নিয়ে অতিমাত্রায় আচ্ছন্ন থাকেন কিংবা নিদেন পক্ষে সবখানে নিজের অস্তিত্বের ছোঁয়াটুকু দেখতে ভালোবাসেন তেমন সব মানুষের জন্যই এবার অভিনব এক টোস্টার মেশিন উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের ভারমন্ট ভিত্তিক একটি ফার্ম। বার্নট ইমপ্রেশন নামের এই প্রতিষ্ঠানটি সম্প্রতি ক্রেতাদেরকে বিশেষভাবে তৈরি এমন কিছু টোস্টার কেনার সুযোগ করে দিচ্ছে যেগুলোর সাহায্যে পাউরুটি থেকে করা টোস্টে অনায়াসেই ফুটিয়ে তোলা যাবে আপন প্রতিকৃতি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মূলত টোস্ট করার সময় যিনি টোস্টারটি অর্ডার করছেন তার ছবিটি ফুটিয়ে তুলতে তাপের তারতম্য ঘটিয়ে কোথাও একটু বেশি পোড়া ভাব আবার কোথাও বা কম পোড়া ভাবের সমন্বয়ে বিশেষ এই টোস্ট চিত্র তৈরি করা হবে। তবে এই পুরো বিষয়টিই আগে থেকে নির্ধারিত থাকবে এবং এজন্য যিনি পাউরুটি থেকে বানানো টোস্টের গায়ে নিজের ছবি দেখতে চান তাকে আগে থেকেই নিজের একটি ছবি পাঠিয়ে অর্ডার দিতে হবে বার্নট ইমপ্রেশনে। এতে খরচ পড়বে ৭৫ ডলার। অর্ডারটি পাওয়ার পর বার্নট ইমপ্রেশনের কর্মীরা প্রথমে ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং যিনি অর্ডার দিয়েছেন তার ছবিটি টোস্টের ওপর ফুটিয়ে তোলা যাবে কি না তা ভালোভাবে বিশ্লেষণ করে দেখবেন। এসব ক্ষেত্রে কারও কারও মুখাবয়ব যেমন টোস্টের ওপর অনেকটা ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব হবে তেমনি কারো কারোটা হয়তো একেবারেই সম্ভব হবে না। এ বিষয়টি মনে করিয়ে দিয়ে বার্নট ইমপ্রেশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘আমরা এ কাজে ভালো। তবে সেই সাথে এটিও মনে রাখবেন যে টোস্টের গায়ে তাপ দিয়ে ছবি ফুটিয়ে তোলার সময় চেহারার নিখুঁত প্রতিরূপ তৈরি করা প্রায় অসম্ভব।’ এ ছাড়া যাদের মুখাবয়ব টোস্টের গায়ে ফুটিয়ে তোলা সম্ভব নয় তাদের অর্ডার বাতিল করে টাকা ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে এই প্রতিষ্ঠানটি।
