হলভর্তি দর্শকের সামনে জাদুকর কী একটা মন্ত্র পড়ে যেন তার জাদুর লাঠিটি ছুঁইয়ে দিলেন হাতে ধরে থাকা রুমালে। আর অমনি রুমালটা হয়ে গেল কবুতর বা খরগোশ। টিভিতে কিংবা সরাসরি এ ধরনের বিভিন্ন জাদু দেখবার অভ্যাস যাদের আছে তাদের সবাই জাদুকরের হাতে থাকা জাদুর লাঠি বা ম্যাজিক ওয়ান্ডের সাথে পরিচিত। আর জাদুমন্ত্র পাঠের সাথে সাথে জাদুর ছড়ি ঘোরানোর এই পরিচিত কাজটি করেই এবার রেকর্ড বুকে ঠাঁই করে নিয়েছেন স্পেনের জামোরা শহরে জড়ো হওয়া ২,১৮৩ জন প্রতিশ্রুতিশীল জাদুশিল্পী। গেল দুই দশক ধরে পলিনো জিল রড্রিগোর উদ্যোগে জামোরা শহরে যে আন্তর্জাতিক জাদু উত্সবের আয়োজন হয়ে আসছে সেই আয়োজনই এ বছর পা দিয়েছে বিশ বছরে। আর বিশ বছর পূর্তির এই আয়োজনকে স্মরণীয় করে রাখতেই ১ মিনিট সময় ধরে সবচেয়ে বেশি মানুষের জাদুর ছড়ি ঘোরানোর এই রেকর্ডটি করেন উত্সবে উপস্থিত জাদুকরেরা।
