জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল বুধবার সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার তান চুয়ান জিনের সঙ্গে তার পার্লামেন্ট কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ ও বৈঠক করেছেন। এসময় তারা সংসদীয় চর্চা, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের উন্নয়ন ও ডিজিটাল রূপান্তর ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠককালে বাংলাদেশের স্পিকার বলেন- সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক দীর্ঘদিনের। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, দুই দেশের সংসদ সদস্যদের সফর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসম্পর্ক আরো সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সিঙ্গাপুরের স্পিকার তান চুয়ান জিন বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়নে সিঙ্গাপুরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
