মতলব দক্ষিণ উপজেলায় বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এখনো জুন মাসের বেতন (সরকারি অংশ) না পেয়ে হতাশ। রমজান মাসে পরিবার-পরিজন নিয়ে তাঁরা মানবেতর জীবন-যাপন করছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ২৫ টি, মাদ্রাসা ১৪ টি এবং কলেজ রয়েছে ৪ টি। স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলে শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ১৪শ’। মুন্সীরহাট কলেজের প্রভাষক মো. ইব্রাহীম খলিল বলেন, ‘জুলাই শেষ হতে চললেও এখনো জুন মাসের বেতনেরই খবর নেই। মতলব জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের কর্মচারী মোজাম্মেল হোসেন বলেন, ‘নিয়ম অনুসারে প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন পাওয়ার কথা। অথচ এখনো গত মাসের বেতন পাইনি। মতলব বাজার জনতা ব্যাংকের ম্যানেজার মো. রফিকুল ইসলাম জানান, ‘ব্যাংকের কেন্দ্রীয় শাখায় এখনো বেতনের চেক হস্তান্তর হয়নি।
