বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল গতকাল শুক্রবার ঘোষণা হয়েছে। ৬ বছর পর সারাদেশে একযোগে আগামী ১০ আগস্ট চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে চা শ্রমিকদের একটি অংশ এ নির্বাচনে অংশ নিচ্ছে না। গতকাল শুক্রবার বিকালে শ্রীমঙ্গলস্থ চা শ্রম কল্যাণ অধিদপ্তরের মিলনায়তনে নির্বাচন কমিশনের প্রধান শ্রম পরিচালক এস এম আশরাফউজ্জামান নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
৩৬ বছর পর ২০০৮ সালের ২ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নে প্রথমবারের মতো চা শ্রমিকদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলস্থ শ্রম অধিদপ্তরের চা শিল্প কল্যাণ কেন্দ্রের উপ-পরিচালক মো. গিয়াস উদ্দীন বলেন, ইতিমধ্যেই চা বাগানে হাল নাগাদ চা শ্রমিক ভোটার তালিকা সম্পন্ন হয়েছে। ১৪৭টি চা বাগান ও ৮৬টি ফাঁড়ি চা বাগানসহ মোট ২৩৩টি চা বাগানে ভোটার হয়েছেন ৯৩,৭১৭ জন।
