চোরাই পথে আসাসহ সব ধরনের অবৈধ স্বর্ণ প্রতি ভরি ১ হাজার টাকা আয়কর পরিশোধ করে বৈধ করতে পারবেন ব্যবসায়ীরা। এছাড়া প্রতি ক্যারেট ডায়মন্ড ৬ হাজার টাকা ও প্রতি ভরি রৌপ্য পঞ্চাশ টাকা কর দিয়ে বৈধ করা যাবে। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত এ সুযোগ থাকবে।
অবশ্য এ সুবিধা পেতে হলে সব স্বর্ণ ব্যবসায়ী, প্রস্তুতকারক ও ডিলারের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকা ও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এছাড়া ঘোষিত সব ধরনের স্বর্ণ, স্বর্ণালঙ্কার, ডায়মন্ড ও রুপার বিস্তারিত তথ্য ও কর পরিশোধের চালান সংশ্লিষ্ট ডিলার, স্বর্ণ ব্যবসায়ী বা প্রস্তুতকারীর আয়কর রিটার্নের সঙ্গে দাখিল করতে হবে। এ প্রক্রিয়ায় বৈধ করা স্বর্ণের মজুদ ব্যবসায়ীর হিসাব বহিতে আলাদাভাবে উল্লেখ করতে হবে এবং ওই মজুদ থেকে বিক্রীত স্বর্ণের পরিমাণ ও বিস্তারিত তথ্যও আয়কর রিটার্নের সঙ্গে দাখিল করতে হবে।
এ প্রক্রিয়ায় স্বর্ণ বৈধ করা হলে আয়কর কর্তৃপক্ষ কোনো ধরনের প্রশ্ন করবে না।
