ঢাকা গ্লাডিয়েটর্সসহ অভিযুক্তরা ট্রাইবুন্যালে একটা প্রশ্ন তুলেছিলেন যে, তাদের কোচ ইয়ান পন্ট ৬ হাজার মার্কিন ডলার ফিক্সিংয়ের জন্য গ্রহণ করার পরও কেন আকসুর চার্জশিটে তার নাম নেই। এই পয়েন্টের জবাব অবশেষে আইসিসি দিয়েছে। তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ইয়ান পন্ট আসলে শুরু থেকে আকসুকে সহযোগিতা করছিলেন এবং ৬ হাজার ডলার আইসিসির নির্দেশেই নিয়েছেন।
আইসিসি জানিয়েছে, তাকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ামাত্রই ইয়ান পন্ট আকসুকে নিয়মমতো সেটা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি সময়ে সময়ে সব তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আকসুকে। এ ছাড়া পন্ট কখনোই কোনো খেলোয়াড়কে ফিক্সিংয়ে জড়াতে পরামর্শ দেননি। বরং আইসিসি বলছে, তিনি তাদের ঠেকানোর চেষ্টা করেছিলেন।
আর ঢাকা গ্লাডিয়েটর্স যেহেতু পন্টকে তার পাওনা দেয়নি, তাই আইসিসি তাকে এই অর্থ রেখে দেওয়ার পরামর্শ দিয়েছে। ফলে সেটা বেআইনি কিছু নয় বলেই বলছে আইসিসি।
