সমুদ্রসীমার নতুন ও পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ। ইনস্টিটিউট মানচিত্রে বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন দেখানো হয়েছে ১ লাখ ২১ হাজার ১১০ বর্গকিলোমিটার।
মানচিত্রে কোন্ এলাকায় কি আছে এবং কি সম্পত্তি থাকতে পারে তাও দেখানো হয়েছে। এর মধ্যে ১০ মিটার গভীরতার অভ্যন্তরীণ জলরাশি, নদীর মোহনা ও অগভীর জলরাশির পরিমাণ ২৪ হাজার ৭৭ বর্গকিলোমিটার। ১০ থেকে ২শ’ মিটার গভীরতার অগভীর সোপান অঞ্চল রয়েছে ৪২ হাজার সাত বর্গকিলোমিটার।
গভীরতর সমুদ্র অঞ্চল ৪৪ হাজার ৩৮৩ বর্গকিলোমিটার, যার গভীরতা ২শ’ থেকে ২ হাজার ১শ’ মিটার।
মহীসোপানের জন্য অবশিষ্ট সমুদ্র অঞ্চল যার পরিমাণ ১০ হাজার ৬৪৪ বর্গকিলোমিটার এবং গভীরতা হচ্ছে ২ হাজার ১শ’ থেকে ২ হাজার ৫শ’ মিটার পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গভীরতর সমুদ্র অঞ্চল যা, মোট সমুদ্র আয়তনের ৩৬ দশমিক ৬ শতাংশ।
মানচিত্র প্রণয়নকারী দলের প্রধান ইনস্টিটিউটের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী বলেন, ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ মামলার রায়ের পর ইনস্টিটিউটের গবেষকরা এ মানচিত্র প্রণয়ন করেন।
