টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাজারের ফাহমিদা স্টিলের মালিক মোহাম্মদ ফরহাদ আলী গত ১৮ দিন যাবত্ নিখোঁজ রয়েছেন। তিনি গত ২৭ জুন বিকেলে স্ত্রীর বোনের টাঙ্গাইল শহরের আকুর টাকুরের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। তিনি এ বাসায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। এ ব্যাপারে স্ত্রী আনোয়ারা বেগম টাঙ্গাইল মডেল থানায় সাধারণ ডায়েরী এবং পুলিশ সুপার বরাবর একটি দরখাস্ত করেছেন। এ ব্যাপারে এসআই চন্দন কুমার দাস জানান, দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি নিখোঁজ ব্যক্তির মোবাইলের কললিস্ট সংগ্রহ করাসহ নানাভাবে বিষয়টি অনুসন্ধান করেছেন। নিখোঁজ ব্যক্তির সাথে কারো কোনো রকম শত্রুতার বিষয়টিও জানা যায়নি। তারপরও তাকে খোঁজা হচ্ছে।
