যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করাই ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের উদ্দেশ্য ছিল না। তাকে অভিশংসন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে কংগ্রেস। তদন্ত রিপোর্ট প্রকাশের পর এই প্রথম এ বিষয়ে মুখ খুললেন মুলার। খবর সিএনএন ও রয়টার্সের
মুলার বলেন, একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অভিযুক্ত করার ক্ষেত্রে বিচার বিভাগীয় নীতিই আমাকে বাধা দিয়েছে। তিনি বলেন, আমরা যদি মনে করি ট্রাম্প অপরাধ করেননি, তাহলে সেটা আমাদের বলা উচিত। মুলার স্বীকার করেছেন যে, দুই বছরের তদন্তে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণের বিষয়টি স্পষ্ট করতে পারেননি। তার মতে, প্রেসিডেন্টকে জবাবদিহিতার মধ্যে আনতে আরো অনেক পথ আছে। বিচার বিভাগ থেকে পদত্যাগের কথা জানিয়ে মুলার বলেন, ক্ষমতাসীন প্রেসিডেন্টের ভুলের জন্য তার বিরুদ্ধে কিভাবে অপরাধের অভিযোগ আনা যায় সেই প্রক্রিয়ার বিষয়ে সংবিধানেই উল্লেখ থাকা দরকার। মুলারের বক্তব্যের পর ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিসংশনের আহবান জানিয়েছেন। আর রিপাবলিকানরা অন্য কিছুতে নজর দেওয়ার আহবান জানিয়েছেন।
