মাটিরাঙ্গায় অপহূত চার বাঙালি শ্রমিক ১১ দিন পর উদ্ধার

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৪৯
খাগড়াছড়ি’র মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা এলাকা থেকে সেতু উন্নয়ন প্রকল্পের অপহূত চার বাঙালি শ্রমিক’কে অপহরণের ১১ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল রাব্বী আহসানের নেতৃত্বে সেনা সদস্যরা জোনের আওতাধীন পঙ্খিমুড়া এলাকায় প্রাক্তন সেনা ক্যাম্প এলাকা অভিযান চালিয়ে দুর্গম পাহাড় থেকে তাদেরকে উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলেন রাজু মিয়া, বুলডোজারের হেলপার হাসান মিয়া, মো. ফারুক মিয়া ও লিয়াকত আলী। অপহূতদের উদ্ধার অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। কিন্তু সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। অপহূতদের উদ্ধারের পর ঐ এলাকায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী একটি দেশি এলজি ও একটি রিভলবারসহ গোলাবারুদ উদ্ধার করে। উদ্ধার অভিযানের পর এখনো পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী। অপহরণকারীদের কবজা থেকে উদ্ধার হওয়া চার বাঙালি শ্রমিক বর্তমানে সিন্দুকছড়ি জোন হেফাজতে রয়েছে। গত ৬ জুলাই রাত সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা এলাকায় নির্মাণাধীন ব্রিজের সাইট থেকে চাঁদার দাবিতে ৪ শ্রমিককে অপহরণ করে জেএসএস (এমএন লারমা) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা অপহূতদের মুক্তিপণ হিসাবে ১০ লক্ষ টাকা দাবি করে আসছিল।