পাটুরিয়া ঘাটে চাঁদাবাজির প্রতিবাদে ৪ ঘণ্টা বন্ধ বাস চলাচল

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৫০
পাটুরিয়া ঘাটে পরিবহন শ্রমিক সমিতির লোকজনকে হটিয়ে অপর একটি গ্রুপ দখল নেয়ায় শুক্রবার বেলা ১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় ঈদমুখি অগণিত যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়ে। পরিবহন বন্ধের ঘটনায় ঢাকার গাবতলী, মানিকগঞ্জ, পাটুরিয়া, আরিচাসহ সংশ্লিষ্ট এলাকায় উভয় গ্রুপের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করে। জানা গেছে, মানিকগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতি প্রায় এক মাস আগে পাটুরিয়া ঘাটে যানবাহন পরিচালনার জন্য শিবালয় উপজেলা শ্রমিক লীগ সম্পাদক গোলাম মোস্তফাকে সভাপতি ও মজিবর রহমানকে সম্পাদক করে কমিটি অনুমোদন দেয়। এ কমিটি কাজ শুরু করার পর গত ৪ জুলাই অপর গ্রুপের হামলায় ১০ জন গুরুতর আহত হয়। এদের ৪ জনের অবস্থা গুরুতর। এদিকে গতকাল সকাল ১০টার দিকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান পাটুরিয়া ঘাট হয়ে মাদারিপুর যাওয়ার পথে আব্দুর রহিম খান তাঁকে জানান, পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এ ঘাট থেকে স্থানীয় লোকজনকে বিতাড়িত করে চাঁদাবাজি করছে। এ কথায় মন্ত্রী শাজাহান খান স্থানীয় লোকজনকে ঘাটে ফিরে আসার মৌখিক নির্দেশ দেন। কিন্তু এরপর আলাল গ্রুপের লোকজন সংঘবদ্ধ হয়ে ঘাটের দখল নেয়। এ প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে বেলা ১টার পর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে আলাল গ্রুপের লোকজনকে সরিয়ে দিলে প্রায় ৪ ঘন্টা পর অচলাবস্থার অবসান হয়।