আব্দুল্লাপুর-বাইপাইল সড়কের বেহাল অবস্থায় যোগাযোগ মন্ত্রীর ক্ষোভ

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৫০
ঈদকে সামনে রেখে আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক পরিদর্শনে এসে সড়কের বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সড়কটি যান চলাচলের অনুপযোগী হওয়ায় এবং দায়িত্বে অবহেলার কারণে মন্ত্রী সড়ক ও জনপথ বিভাগের ঢাকার নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবকে সাভার-আশুলিয়া অঞ্চলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। আহসান হাবীবের স্থলে মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক পরিদর্শনে এসে সড়কটির বেহাল অবস্থা দেখে তিনি তাত্ক্ষণিক এই সিদ্ধান্ত নেন। সড়ক পরিদর্শন শেষে মন্ত্রী কয়েক কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপোযোগী বলে স্বীকার করেন এবং প্রকৌশলীদের উপর অসন্তোষ প্রকাশ করেন। পরে তিনি যে কোন মূল্যে আগামী ৩ দিনের মধ্যে এই সড়কটি যান চলাচলের উপযোগী করতে নির্দেশ দেন। এ সময় মন্ত্রীর সাথে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।