গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে একজন নিহত

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২২:২৪
গাজীপুরের মহানগরের ভূরুলিয়া এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ইট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রায় ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে ট্রাকের চালকসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইটের ক্রেতা মো: কুদ্দুস মিয়া (৬২) মারা যান। নিহতের ভাগ্নি পপি আক্তার নিহতের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, কুদ্দুস মিয়া গাজীপুর পাবলিক লাইব্রেরীর সহকারী লাইব্রেরীয়ান ছিলেন। স্থানীয়রা জানান, জুমার নামাজের পরপরই ভূরুলিয়া এলাকায় একটি লেভেল ক্রসিং পার হবার সময় ইট বোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। এর কিছুক্ষণ পর দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রমকালে বিকটশব্দে ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে কয়েকটি টুকরো হয়ে যায় । এতে ট্রাকের চালকসহ ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় চালক ট্রেনটি ওই এলাকায় থামিয়ে দেন। এর পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরে অপর একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি টেনে পার্শ্ববর্তী জয়দেবপুর জংশনে আনলে প্রায় ৪ ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।