৬১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংক ও ওয়ান ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এ মামলার অনুমোদন দেয়া হয়। শিগগিরই মামলা দায়ের করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।
যাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে তারা হলেন, প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. জাহিদ চৌধুরী, ব্যাংকের বংশাল শাখার ম্যানেজার শামসুদ্দিন চৌধুরী, ব্যাংকের রামপুরা শাখার এফভিপি মো. আশরাফুল আযম ও ওয়ান ব্যাংকের সাভার গণকবাড়ি ইপিজেড শাখার সিনিয়র অফিসার মো. মনিরুজ্জামান।
দুদক সূত্র জানায়, এ কর্মকর্তারা পরস্পর যোগসাজশে নিজেদের বা অন্যকে লাভবান করার উদ্দেশ্যে গ্রাহকের তথা ব্যাংকের ৬১ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৯২২ টাকা আত্মসাত্ করেছেন। চেক জালিয়াতির মাধ্যমে তারা এ অর্থ আত্মসাত্ করেন। এ কারণে ব্যাংক কর্তৃক ৭১৫টি চেকের মধ্যে প্রায় ৭শ’ চেকের ফটোকপি দুদককে সরবরাহ করা হয়। যার মধ্যে কমিশনের অনুসন্ধানে তিনশ’রও বেশি চেকের স্বাক্ষরের সঙ্গে নমুনা স্বাক্ষরের অমিল পাওয়া গেছে। স্বাক্ষর গরমিল থাকলে গ্রাহককে পেমেন্ট দেয়ার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেয়া থাকলেও তা মান্য করা হয়নি। খালি চোখেই ওই চেকগুলোর স্বাক্ষরের সঙ্গে নমুনা স্বাক্ষরের অমিল সহজেই ধরা পড়ে। অথচ পুরো টাকাই ছাড় করা হয়েছে।
