পৌরসভার মান উন্নয়নে এডিবির সাড়ে ১২ কোটি টাকার ঋণ

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২২:২৫
ইত্তেফাক রিপোর্ট বাংলাদেশের পৌরসভাগুলোর সেবার মান ও সুশাসন উন্নয়ন প্রকল্পে সাড়ে ১২ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে এডিবির দক্ষিণ এশীয় প্রধান নগর উন্নয়নবিদ নরিও সাতিও উল্লেখ করেছেন, বাংলাদেশে শহরাঞ্চলে জনগোষ্ঠীর প্রায় অর্ধেক বাস করছে দুটি বড় শহর ঢাকা ও চট্টগ্রামে। এ দুটি শহরের অধিক ঘনবসতির চাপ কমিয়ে আনার জন্য জেলা শহরগুলোর অবকাঠামো এবং ব্যবস্থাপনার উন্নয়ন করা এখন অপরিহার্য হয়ে পড়েছে। ভবিষ্যতে জেলা শহরগুলোকে একটি মডেল শহর করে গড়ে তুলতে এডিবির এ সহায়তা ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে অনেক পৌরসভাতেই সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশন এবং সঠিক পয়বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। নতুন প্রকল্পের মাধ্যমে ২০ জেলার ৩০ টি পৌরসভার ২২ লাখ জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে। এ ঋণ প্রকল্পের আওতায় পৌরসাভার অবকাঠামোর উন্নয়ন, বিভিন্ন ধরনের সেবা, সড়ক উন্নয়, পানি ও স্যানিটেশনের উন্নয়ন, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের উন্নয়নসহ বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করা হবে।