মানিকছড়িতে ইউপিডিএফ জেএসএস’র বন্দুক যুদ্ধে নিহত ১

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২২:২৫
জেলায় মানিকছড়ি উপজেলার ফটিকছড়ি সীমান্তে দুর্গম পাহাড়ি এলাকার কুমারীপাড়ায় ইউপিডিএফ ও জেএসএস’র সন্ত্রাসীদের মধ্যে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। ২ পক্ষের মধ্যে গতকাল শুক্রবার সকালে এ বন্দুক যুদ্ধে হতাহতের ঘটনা ঘটে। নিহতের নাম পরেশ তঞ্চগ্যা (৩০)। তিনি ইউপিডিএফ’র সন্ত্রাসী এবং রাঙ্গামাটি জেলার রাজস্থলি উপজেলায় তার বাড়ি বলে জানা যায়। আহতরা হচ্ছেন—আনন্দ চাকমা (২৮), শান্ত চাকমা (২৯) ও রিপন চাকমা (২৯)। তারা জনসংহতি সমিতি জেএসএস’র সন্তু লারমা গ্রুপের সন্ত্রাসী এবং লক্ষ্মীছড়ি উপজেলার জুর্গাছড়ি গ্রামের বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীছড়ি ও ফটিকছড়ি সীমান্তে মানিকছড়ি উপজেলায় তিনটহরীর দুর্গম এলাকার কুমারীপাড়ায় গতকাল সকাল ৬টায় জেএসএস ও ইউপিডিএফ’র সন্ত্রাসীরা বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। প্রায় ১ ঘন্টা স্থায়ী এ বন্দুক যুদ্ধে উভয়পক্ষ শতাধিক রাউন্ড গুলি বিনিময় করে। ফটিকছড়ি থানার এস আই মাসুদ আলম জানান, নিহতের মৃতদেহ ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের থাইল্যারচর টিলা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে বন্দুক যুদ্ধের খবর পেয়ে লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। জেএসএস লক্ষ্মীছড়ি শাখার সংগঠক ধীমান চাকমা বন্দুক যুদ্ধে তাদের ২ সমর্থক আহত হওয়ার কথা স্বীকার করলেও ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা শাখার প্রচার সেলের প্রধান নিরন চাকমা তাদের কোন সদস্য নিহত হওয়ার কথা অস্বীকার করেন।