সাতক্ষীরার তালায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শালিখা কলেজের প্রভাষক এসএম বিপ্লব কবীর (৩৭) নিহত হয়েছেন। তিনি তালা উপজেলার দোহার গ্রামের মৃত শের আলীর পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি রাম দা ও একটি ছোরা উদ্ধার করেছে। তালা উপজেলার ইসলামকাটি যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
তালা থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে তালা উপজেলার ইসলামকাটি-সুজনশাহ সড়কের যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিপ্লব কবীর পায়ে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে তালা থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। পুলিশের দাবি, এ ঘটনায় তাদের চারজন সদস্য সামান্য আহত হয়েছেন।
তবে আহত কলেজ শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতা বিপ্লব কবীরের পরিবারের দাবি, বিপ্লবকে রাতে বাড়ি থেকে গ্রেফতার করে পরিকল্পিতভাবে তার পায়ে গুলি করে বিনা চিকিত্সায় হত্যা করা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু বকর সিদ্দিক বলেন, বিপ্লব কবীরের বিরুদ্ধে তালা থানায় ৬টি মামলা ছিল।
