আবার হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। গত ১৭ জুলাই রাতে উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ায় তাকে তড়িঘড়ি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় বলে জানান তার কনিষ্ঠ পুত্র সম্রাট। উন্নত চিকিত্সার জন্য দেশের বাইরে নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ডাক্তারদের পরামর্শ অনুযায়ীই ঠিক করা হবে। সম্রাট জানান, বৃহস্পতিবার রাতে হঠাত্ তার পিতার শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এখন তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। এখনো কোন বিশেষজ্ঞ চিকিত্সকের অধীনে নেয়া হয়নি।
উল্লেখ্য, নায়ক রাজ রাজ্জাক দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন। এ বছর মার্চে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ওই মাসের শেষদিকে নিজের প্রযোজিত ‘কার্তুজ’ ছবির সেটেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সার পর খানিকটা সেরে উঠলেও এক সপ্তাহের মধ্যে একই হাসপাতালে আবার ভর্তি হন তিনি।
৭২ বছর বয়সী অভিনেতা রাজ্জাক ১৯৬৪ সালে তত্কালীন পাকিস্তান টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ‘জীবন থেকে নেয়া’, ‘ময়নামতি’, ‘রংবাজ’, ‘আলোর মিছিল’, ‘পিচঢালা পথ’, ‘বেঈমান’, ‘দুই পয়সার আলতা’, ‘আনারকলি’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
