মিঠাপুকুর উপজেলায় নবগঠিত রংপুর জেলা ও মহানগর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে হামলা চালিয়েছে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। এসময় তারা মঞ্চ, চেয়ার-টেবিল ও মোটরসাইকেল ভাংচুর এবং অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ সময় ১৫ জন আহত হয়। এতে রংপুর থেকে ইফতার মাহফিলে যোগ দিতে আসা নেতৃবৃন্দ প্রাণভয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিদ্রোহী গ্রুপের যুবদল সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিঠু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল উল্লাহ জুয়েল ও ছাত্রদল নেতা এনামুল হক লিমনকে আটক করে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মিঠাপুকুরের চিফলী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার ওসি রবিউল আলম জানান, ইফতার মঞ্চ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু তা বিস্ফোরিত হয়নি। তিনি জানান, হামলাকারীরা ইফতার মঞ্চ, চেয়ার-টেবিল ভাংচুর করে। বিএনপি’র পক্ষে সহযোগিতা চাওয়া হলে পুলিশী নিরাপত্তায় ইফতার মাহফিল শেষ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
