আশুলিয়ায় অপহূত ২ শিশু উদ্ধার

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২২:৪৩
ঢাকার আশুলিয়া থেকে অপহূত দুই শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় র্যাব অপহরণকারী ঐ দুই শিশুর চাচা আবু শামাকে (২৬) গ্রেফতার করেছে। র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বলেন, গত ২৮ জুন আশুলিয়ার ফিরোজ আহমেদের ছেলে আশরাফুল আলম মুন্না (৮) ও ভাগিনা আব্দুল্লাহকে (১৩) তানজীম উল-উম্মা মাদ্রাসায় পৌঁছে দেয়ার জন্য এবং জান্নাতুল ফোরদৌস সুমাইয়াকে (৪) শপিং করে দেয়ার কথা বলে ফিরোজের আপন ছোটভাই আবু শামা বাসা হতে নিয়ে যায়। পরে আব্দুল্লাহ বাসায় ফিরলেও দুই শিশু ফিরেনি। আবু শামা তার ব্যবহূত মোবাইল ফোন দিয়ে বড় ভাই ফিরোজকে কল করে সাত লাখ টাকা মুক্তিপন দাবি করে। ফিরোজ আশুলিয়া থানায় অপহরণ মামলা করেন। র্যাব বিষয়টি তদন্ত করে জানতে পারে অপহরণকারী আবু শামা অপহূত শিশুদ্বয়কে নিয়ে কক্সবাজারে অবস্থান করছে। র্যাব ছদ্ম পরিচয়ে আবু শামার সাথে কথা বলে ৭ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়। পরে র্যাবের একটি টিম বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামুর কলাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে। অপহরণকারী আবু শামাকে হাতেনাতে গ্রেফতার করে।