গল্প নয় সত্যি

এক আইনজীবির কাণ্ড!

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:০০
বিচারাধীন কোনো বিষয় নিয়ে বিচারকের সঙ্গে আইনজীবিদের তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার ঘটনা মোটেই নতুন কিছু নয়। তবে এ জাতীয় বিতর্কের হাতিয়ার হিসেবে কেউ যদি যুক্তি তর্কের পরিবর্তে বেছে নেন মাছি তাড়ানোর লাঠি, তাহলে তার ভবিষ্যত খুব একটা ভালো হবার কথা নয়। যেমনটা হয়েছে কাজাখাস্তানের ৩৫ বছর বয়সী আইনজীবি এভগেনি তাকনভের ক্ষেত্রে। উত্তরাধিকার একটি মামলায় বিচারকের কর্মকাণ্ড এবং বিচার প্রক্রিয়া নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না তাকনভ। আর বিচারকের কক্ষে এ বিষয়টি নিয়ে আলোচনার এক পর্যায়েই সাথে করে নিয়ে আসা মাছি তাড়ানোর লাঠি দিয়ে বিচারককের মারতে শুরু করেন তাকনভ। সিসিটিভি’র ফুটেজ থেকে দেখা যায়, তাকনভ এ সময় বিচারককে বলতে থাকেন যে, ‘চলো এখানে আইনের যুক্তিতে আটকে না থেকে এই মাছি তাড়ানোর লাঠি ব্যবহার করে বিষয়টা মীমাংসা করি।’ এ অবস্থায় বিচারক বেশ ধৈর্য্য সহকারেই তাকনভের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বাড়িটি হজম করেন। তবে বিচারক যখন এভাবে ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে তাকনভকে শান্ত করার চেষ্টা করছিলেন তখনই পাল্টা আঘাত হানতে ছুটে আসেন একই মামলায় তাকনভের বিরোধী পক্ষের আইনজীবি আর্তেম ইব্রাগিলোভ। ৩৯ বছর বয়সী এই আইনজীবি তাকনভের দিকে ছুটে এসে প্রথমেই তার নাক বরাবর একটি ঘুষি চালিয়ে দেন। পরে এদেরকে থামাতে এসে তাকনভের সাথে হাতাহাতিতে জড়িয়ে পরেন খোদ বিচারকও। তাকে এ সময় তাকনভের হাত থেকে লাঠিটি কেড়ে নিয়ে সেটি মেঝেতে ছুড়ে ফেলতেও দেখা যায়। এদিকে কাজাখাস্তানের বিচার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই ঘটনাটি নিশ্চিত করার পাশাপাশি এটিও নিশ্চিত করেছেন যে দোষী ঐ আইনজীবিকে ইতোমধ্যেই সকল ধরনের আইন বিষয়ক কার্যক্রম বা মামলায় ওকালতি করা থেকে বাধ্যতামূলকভাবে বাদ দেওয়া হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে দায়ের করা মামলার কারণে সর্বোচ্চ দশ বছর কারাভোগও করতে হতে পারে তাকে।