জেলার ইসলামপুর উপজেলা পাবলিক হল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল পূর্বক অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহসভাপতিসহ সহস্রাধিক বিএনপি নেতাকর্মী গত শুক্রবার সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। প্রধান অতিথির বক্তব্যে বলেন- বিগত জাতীয় সংসদ নির্বাচন বর্জনই বিএনপির জন্য ছিল সবচেয়ে বড় ভুল। এই ভুলের কারণে বর্তমান সংসদ যতই মেয়াদ পূর্তির দিকে যাবে বিএনপি ততই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাবে।
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ বেবী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু প্রমুখ।
