শিবালয়ে কোচিংয়ের নামে কেটে নিয়েছে উপবৃত্তির টাকা

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:০৯
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা শিবালয় উপজেলার উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের কোচিং করানোর নামে উপবৃত্তির মোটা টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক ও সহকারীদের কয়েকজন এ ঘটনার সত্যতা স্বীকার করলেও শিক্ষার্থীদের টাকা ফেরত না দেয়ায় ছাত্রী-অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রায় ৫শ’ শিক্ষার্থীর এ বিদ্যালয়ের শতকরা ৪০ ভাগ ছাত্রী উপবৃত্তির টাকা পায়। ৬ মাস পর পর এ টাকা দেয়ার নিয়ম রয়েছে। এ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে গত বৃহস্পতিবার ব্যাংক কর্মকর্তারা এক বছরের অর্থাত্ দু’কিস্তির টাকা বিতরণ করেন। এ সময় প্রধান শিক্ষক ও অপর কয়েক শিক্ষক কোচিং পড়ানোর কথা বলে ছাত্রীদের নিকট থেকে ৫শ’ টাকা করে হাতিয়ে নেয়। বিনা কোচিংয়ে সরকারী উপবৃত্তির টাকা এভাবে হাতিয়ে নেয়ায় ঘটনায় ছাত্রী-অভিভাবক মহলে দারুন ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে এসএমসির সভাপতি ও শিক্ষকদের সাথে ছাত্রী-অভিভাবকদের চরম বাক-বিতণ্ডা হয়। প্রধান শিক্ষক হোসনে আরা জানান, ৮ম শ্রেণির ৫৮ জন ছাত্রীর কোচিংয়ের জন্য ৫শ’ টাকা করে নেয়া হয়েছে।