ভোলা-মনপুরা নৌরুটে সি-ট্রাক নয় দিন বন্ধ

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৩০
ট্রলারে মেঘনা পাড়ি দিচ্ছে লাখো মানুষ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার সাথে ভোলার নৌ-যোগাযোগের একমাত্র নিরাপদ মাধ্যম বিআইডব্লিউটিসির এসটি শহীদ শেখ জামাল নামের সী-ট্রাকটি গত ৯ দিন যাবত্ যান্ত্রিক ত্রুটির অজুহাতে বন্ধ রয়েছে। ফলে মনপুরার ১ লাখ মানুষ এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। সি-ট্রাক না থাকায় প্রতিদিন শত শত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট ট্রলারে মেঘনার ডেঞ্জার জোন পাড়ি দিয়ে মনপুরা-ভোলা যাতায়াত করছে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মনপুরার মেঘনা ডেঞ্জার জোন। প্রতিবছরের ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত নদী ও সাগরের ডেঞ্জার জোনে সি সার্ভে ছাড়া সকল নৌযান চলাচল নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এ রুটে চলছে অর্ধশত ট্রলার। সংশ্লিষ্ট ঠিকাদার জানান, তজুমদ্দিন বেড়ির রাস্তার কাজ চলার কারণে সি-ট্রাক বন্ধ । যাত্রীরা বলছেন, নৌপথে সি-ট্রাক চলা নিয়ে বেড়ির রাস্তার কাজের কোন সমপর্ক নেই। বিআইডব্লিউটিএ ট্রাফিক অফিসার ভোলা বলেন, হয়ত অধিক মুনাফার লোভে ঠিকাদার সি-ট্রাকটি বন্ধ রেখেছে। ঠিকাদার বলছে, রাস্তার কাজ চলার কারণে ও যান্ত্রিক ত্রুটির কারণে সি-ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগেও এই সি-ট্রাকটি কয়েকবার বিকল হয়ে যায়। মনপুরা থানার ওসি জানান, তারা ট্রলার বন্ধের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু জীবনের প্রয়োজনে যাত্রীরা মানতে নারাজ। তারা মেঘনা তীরের বিভিন্ন স্থান থেকে ট্রলারে উঠে ভোলা যাচ্ছেন। উল্লেখ্য ভোলার তজুমদ্দিন থেকে মনপুরার হাজির হাট পর্যন্ত সি-ট্রাকটি চলাচল করে ।