ব্রিটিশ ভিসা প্রসেসিং ঢাকা থেকে স্থানান্তর না করার দাবিতে গণআবেদন

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৩২
বাংলাদেশি আবেদনকারীদের ব্রিটিশ ভিসা দেয়ার প্রক্রিয়া ঢাকা থেকে ভারতের নয়াদিল্লীতে স্থানান্তর না করার দাবিতে সিলেটে ধারাবাহিক কর্মসূচি শুরু হয়েছে। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ব্রিটিশ সরকার বরাবরে গণআবেদন পাঠানো। একসপ্তাহব্যাপী চলবে এই কর্মসূচি। এরপর সুধীসমাবেশসহ অন্য কর্মসূচি পালন করা হবে। গণআবেদন কর্মসূচিতে বক্তারা বলেন, ব্রিটেনের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা অটুট রাখতে বাংলাদেশিদের ভিসার আবেদন এদেশেই সম্পন্ন করতে হবে। এ প্রক্রিয়া ভারতে স্থানান্তরিত হলে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হবে বলে বক্তারা মত প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশি ভিসা আবেদনকারীর ভিসাপ্রাপ্তির সম্ভাবনা কমে যাবে ও হয়রানি বাড়বে। সিলেট মহানগরীর আম্বরখানা পয়েন্টে ‘ব্রিটিশ-বাংলাদেশ স্বার্থ রক্ষা কমিটি’র উদ্যোগে গণআবেদন কর্মসূচি উদ্বোধন করা হয়। কমিটির আহবায়ক রিমাদ আহমদ রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুয়াইব আহমদ, সাকারিয়া হোসেন সাকির, মেহরাজ আহমেদ, শাহরিয়ার হোসেন শাহীন, নজির হোসেন লাহিন, শামীম আহমদ, এম আবদুল খালিক প্রমুখ। গণআবেদনের প্রথম দিনে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের কাছে বাংলাদেশিদের ভিসা প্রসেসিং ভারতে স্থানান্তর না করার দাবি জানানো হয়। বর্তমানে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন থেকে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হয়ে থাকে। এছাড়া ব্রিটিশ হাইকমিশন পরিচালিত একটি কেন্দ্রের মাধ্যমে সিলেট থেকেও ভিসা আবেদন গ্রহণ করা হয়ে থাকে। সিলেটবাসী কয়েক বছর থেকে ভিসা আবেদন গ্রহণ কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ ভিসা সেন্টারে রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন। এ অবস্থায় ব্রিটেন সরকারের নতুন এই সিদ্ধান্ত ভিসা প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ-উত্কণ্ঠার সৃষ্টি করেছে।