বকশীগঞ্জে তিনজনসহ পৃথক ঘটনায় নিহত ১০

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৩৪
জামালপুর বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজনসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জামালপুর বকশীগঞ্জ উপজেলার খেয়ারচর এলাকায় গতকাল শনিবার দুপুরে পাথর বোঝাই একটি ইঞ্জিন চালিত ট্রলি খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কলেজ ছাত্র জুয়েল রানা (২৫), সৌরভ (১৮) ও আসাদুল (২০)। জুয়েল রানা ঘটনাস্থলেই মারা যান। তাদেরকে প্রথমে সৌরভ ও আসাদুলকে বকশীগঞ্জ হাসপাতালে পরে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মারা যান। শিবগঞ্জে ব্যবসায়ী নিহত চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর এলাকায় গতকাল শনিবার সকালে ভটভটির ধাকায় লাল চাঁন (৫২) নামে এক কাপড় ব্যবসায়ী মারা গেছেন। নওগাঁয় বিদ্যুত্স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু নওগাঁ শহরের ডিগ্রির মোড় এলাকায় গতকাল শনিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে বেলাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে নওগাঁ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। ছাগলকে খাওয়ানোর জন্য বেলাল হোসেন ডিগ্রির মোড়ে একটি গাছে পাতা সংগ্রহ করতে গেলে বিদ্যুত্স্পৃষ্টে হয়ে ঘটনাস্থলে মারা যান। টেকনাফে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ নাফ নদীর তীর এলাকা থেকে গতকাল শনিবার বিকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি মো. হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। গাংনীতে পানিতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে গত শুক্রবার রাতে মাথাভাঙ্গা নদী থেকে প্রতিবন্ধী পুত্র সানোয়ার হোসেনকে (১৮) বাঁচাতে গিয়ে পিতা ইয়ার আলী (৬০)সহ পিতা-পুত্র দুজনেই মারা গেছেন। স্থানীয় যুবলীগ নেতা সোহেল আহাম্মেদ জানান, মহাম্মদপুর গ্রামের ইয়ার আলীর ছেলে প্রতিবন্ধী সানোয়ার হোসেন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এ খবর শুনে তার পিতা ইয়ার আলী তার ছেলেকে খুঁজতে গিয়ে সেও পানিতে ডুবে মারা যায়। দৌলতপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপির পদ্মা নদী সংলগ্ন ইসলামপুর এলাকার একটি ডোবা থেকে গতকাল শনিবার দুপুরে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। দৌলতপুর থানার উপ-পরিদর্শক ওবাইদুর রহমান জানান, লাশের কাছে কয়েকটি চাল গমসহ পুটলি পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, তিনি ভিক্ষা করে বাড়ি ফেরার পথে ঐ ডোবায় পড়ে মারা গেছেন। কাহারোলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু দিনাজপুরের কাহারোল উপজেলার পাহাড়পুর গ্রামে গত শুক্রবার রাতে জাহানারা বেগম (৪৬) নামে এক গৃহবধূ মারা গেছেন। বাড়ির উঠানে ভুট্টা গাছের স্তূপ পলিথিন দিয়ে ঢাকানোর সময় ডান পায়ে সাপে কামড় দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।