উপজেলার বিভিন্ন এলাকায় ১৫০ হেক্টর জমিতে চলতি মৌসুমে বিষমুক্ত সবজি চাষাবাদ করা হয়েছে। সেক্স ফেরোমন ফাঁদ বা ট্র্যাপ পদ্ধতিতে জৈব বালাইনাশকের (ট্রেসার) মাধ্যমে উত্পাদিত এসব সবজি দেশ পেরিয়ে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানান, স্থানীয় কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সেক্স ফেরোমন ট্র্যাপের মাধ্যমে পোকা দমন করে জৈব বালাইনাশকের (ট্রেসার) মাধ্যমে সবজি চাষ একটি সহজ ও পরিবেশবান্ধব পদ্ধতি। সেক্স ফেরোমন স্ত্রী পোকার সেক্স হরমোন তুলার সাহায্যে একটি প্লাস্টিকের বাক্সের মধ্যে বসানো হয়। যার নিচে থাকে সাবান মেশানো পানি।
সেক্স ফেরোমন ট্র্যাপের এই বাক্স বাঁশের লাঠি দিয়ে বেঁধে সবজি ক্ষেতে স্থাপন করা হয়। এতে পুরুষ পোকা আকৃষ্ট হয় এবং সাবানের পানিতে পড়ে মারা যায়। ফলে স্ত্রী পোকার পাড়া ডিমে বংশ বিস্তার হয় না। কৃষকরা এটিকে জাদুর বাক্সও বলে থাকেন। এ পদ্ধতির মাধ্যমে বিষমুক্ত সবজির মধ্যে বেগুন, কাকরোল, শশা, মিষ্টি কুমড়া, চাল কুমডা, বরবটি ও লেবু উত্পাদিত হচ্ছে।
গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে বিষমুক্ত লেবু ৭০ টন, বেগুন ১২ টন এবং কাকরোল ৬ টন রপ্তানি হয়েছে।
কৃষকরা জানান, বিদেশিরা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সাথে কথা বলে মাঠে এসে পরীক্ষা-নিরীক্ষা করে বিষমুক্ত নিশ্চিত হওয়ার পর বিভিন্ন সবজি ও লেবু সংগ্রহ করে থাকেন। এতে কৃষকরা সবজির দামও ভাল পান। বিদেশিরা কাকরোল প্রতি কেজি ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, শশা ৪০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৩০ টাকা, জালি ১ পিছ ১৫-৩০ টাকা ও ১ পোন লেবু অর্থাত্ (৮০) পিছ ১০০০/ টাকা দরে কৃষকদের কাছ থেকে কিনে নেন। পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ পদ্ধতি ব্যবহার করতে কৃষকদের বিঘাপ্রতি খরচ হচ্ছে সর্বোচ্চ ১ হাজার টাকা। আর কীটনাশক ব্যবহার করে সবজি উত্পাদন করতে কৃষকদের বিঘাপ্রতি খরচ হয় ৩ থেকে ৪ হাজার টাকা।
উপজেলার বাঘাব ইউনিয়নের খড়ক মাড়া গ্রামের কৃষক দুলাল মিয়া বলেন, আমরা চার ভাই প্রায় ৪০ বিঘা জমিতে উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় বিষমুক্ত সবজি চাষাবাদ করে আসছি। বিষমুক্ত সবজি চাষাবাদে উত্পাদন খরচের তুলনায় আয় বেশি হচ্ছে। চলতি মৌসুমে উত্পাদন খরচ বাদে আমার একারই ৮ লাখ টাকা আয় হবে বলে আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হানিফ সিকদার বলেন, সেক্স ফেরোমন ট্র্যাপ পদ্ধতির মাধ্যমে বিষমুক্ত সবজি উত্পাদন শিবপুরে ব্যাপক সাড়া জাগিয়েছে। এতে ভোক্তারা নিরাপদ সবজি পাচ্ছেন। এছাড়া এখানকার সবজি ইউরোপের ইউনিয়নেও রপ্তানি হচ্ছে।
