স্ট্যামফোর্ট ইউনিভার্সিটির সাবেক ভিসি ও ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ড. এম. এ হান্নান ফিরোজের গ্রেফতারের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আ.লীগের উদ্যোগে বাইপাসমোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাজাপুর প্রেসক্লাব চত্তরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক এ্যাড. খায়রুল আলম সরফরাজ, এ্যাড. সঞ্জীব কুমার বিশ্বাস, জেলা আ.লীগ নেতা মজিবুল হক কামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসির উদ্দিন মৃধা ও রফিকুল ইসলাম খসরু প্রমূখ।
এসময় বক্তারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারকৃত স্ট্যামফোর্ট ইউনিভার্সিটির সাবেক ভিসি, বর্তমান ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাজাপুর উপজেলা আ.লীগ সভাপতি ড. এম এ হান্নান ফিরোজকে গ্রেফতারের তীব্র নিন্দা জানায় এবং তাকে অবিলম্বে মুক্তির দাবী করে। মামলা প্রত্যাহার ও মুক্তি না দেওয়া হলে গোটা দক্ষিণাঞ্চল অচল করে দেয়াসহ কঠোর কর্মসূচীর হুমকি দেয় বক্তারা।
উল্লেখ্য, গত ১৯ জুন ঢাকার ধানমন্ডিতে সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক শামীমকে গুলি করে হত্যা চেষ্টা করে সন্ত্রাসীরা। এ মামালায় গত ১৬ জুলাই রাতে ড. এম এ হান্নান ফিরোজকে ডিবি পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত হান্নান ফিরোজকে ৬ দিনের রিমান্ড ম্ঞ্জুর করেন।
